বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় পঞ্চম দিনের মতো নিবিড় গণসংযোগ চালিয়েছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান, তাদের শারীরিক ও পারিপার্শ্বিক খোঁজখবর নেন এবং স্থানীয় নানা সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে আয়োজিত পথসভায় ইমদাদুল হক ইমদাদ বলেন, "জনপ্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এবং প্রতিটি ওয়ার্ডের প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা। ছোট আঁচড়া এলাকার মানুষের নাগরিক সমস্যা ও প্রয়োজনগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার টেকসই সমাধান করা হবে।"
তিনি আরও বলেন, "আমি মানুষের পাশে থেকে সরাসরি তাদের মনের কথা শুনতে চাই। ওয়ার্ডভিত্তিক পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।" মাদকের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "একটি সুস্থ ও আদর্শ সমাজ গঠনে মাদক সবচেয়ে বড় বাধা। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার সড়ক মেরামত, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুবিধার সম্প্রসারণ এবং একটি মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানান। মেয়র পদপ্রার্থী তাদের কথা শোনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রত্যাশা যেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হয়, সে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মো: আনিছুর রহমান